মেহেরপুরে ‘মুজিববর্ষে শত ঘণ্টা মুজিবচর্চা’ কর্মসূচি

মেহেরপুরে ‘মুজিববর্ষে শত ঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত রবিবার রাতে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী ঢাকা থেকে জুম কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান খোকন, খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, আইনবিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে রহমান প্রমুখ।

জেলা প্রশাসক জানান, মুজিববর্ষে শত ঘণ্টা মুজিবচর্চা ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে। শেষ হবে ২০২১ এর ১৭ মার্চ। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনাদর্শনকে তুলে ধরতে সাত মাসব্যাপী পর্যায়ক্রমে শত ঘণ্টার এ ভার্চুয়াল আলোচনা সভায় যোগ দেবেন দেশের বরেণ্য, আলোকিত ও খ্যাতিমান ব্যক্তিরা।

শত ঘণ্টার মুজিবচর্চায় বক্তারা বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর, বঙ্গবন্ধুর রাজনীতি, ছোটদের বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর ভাবনায় বাংলাদেশ নিয়ে আলোকপাত করবেন।