চট্টগ্রাম চকবাজার থানা আওয়ামী লীগের শোক দিবসের অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে তোফা (২১) নামে একজন মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন। নগরের চকবাজার আনিকা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহির হক ভুঁইয়া দেশ রূপান্তরকে জানান, চকবাজার এলাকা থেকে তোফা নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় আনা হয়েছিল। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে সে চলে গেছে।
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে চকবাজার থানা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রমুখ। সেখানে আলোচনা সভার প্রাক্কালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বিদেশে আত্মগোপনে থাকা জাতির পিতার পলাতক খুনিদের সঙ্গে বিএনপি-জামায়াত চক্রের এখনো নিবিড় যোগাযোগ আছে। এরা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলেছে। এই ষড়যন্ত্র নস্যাৎ করতে হলে আমাদের সাধারণের কাতারে মিশে গিয়ে রাজনীতি করতে হবে। নেত্রী চান আমরা সাধারণের কাতারে নেমে তাদের প্রয়োজনে নিজেদের উৎসর্গ করব। আমরা যদি সেভাবে পরিচালিত হতে না পারি তাহলে উল্লেখযোগ্য উদাহরণ রাখতে পারব না।