নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর গাজীপুর।
এ উপলক্ষে সোমবার বিকেলে গাজীপুরের শহীদ আহসানউল্লাহ মাস্টার যুব প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা, দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ ও শহীদ আহসানউল্লাহ মাস্টার যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। তিনি অন্যায়ের সাথে কখনোই আপস করেননি। নানা ধরনের জেল-জুলুম এবং অত্যাচার সহ্য করে তিনি বাঙালির অধিকার প্রতিষ্ঠা করেছেন।’
‘তিনি এক যুগেরও বেশি সময় কারাগারে অন্তরীণ ছিলেন। তিনি সমগ্র বিশ্বের নিপীড়িত, শোষিত ও অধিকারবঞ্চিত মানুষের অনুপ্রেরণার এক অনিঃশেষ উৎস।’
বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ ও লালন করে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ার জন্য তরুণ ও যুব সমাজের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।