বিদ্যুতের লাইনের অজুহাতে সরকারি সড়কের দুই পাশে গাছ কাটার অভিযোগে অভিযুক্ত শিক্ষক সুমনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বন বিভাগের কর্মকর্তা রতীন্দ্র কিশোর রায় বাদী হয়ে সোমবার রাতে মামলাটি করেন।
এ মামলায় শিক্ষক আনোয়ার হোসেন সুমন, রানা মিয়া, শরীফ মিয়া, মোজাফর হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
অভিযুক্তদের বাড়ি উপজেলার লেংগুরা ইউনিয়নের একই গ্রাম উদাপাড়ায়। মামলার পর থেকে অভিযুক্ত শিক্ষকসহ সকলেই পলাতক রয়েছেন এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম।
গত ২৯ আগস্ট শনিবার রাতের আধারে উপজেলার লেংগুরা ইউনিয়নের সীমান্তবর্তী লেংগুরা-সাত শহীদ সমাধিস্থল সড়কের ফুলবাড়িয়া বাজার ও মোমেনের টিলা সংলগ্ন এলাকায় ২৮টি গাছ কর্তন করেন অভিযুক্তরা।
রবিবার সকালে স্থানীয় লোকজন ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের বাধায় আরও গাছ কাটা পণ্ড হয়ে যায়। বিষয়টি ইউএনও সোহেল রানা মৌখিক অভিযোগে দুপুরে পরিদর্শনে গেয়ে সেগুলো গণনা করে নায়েবকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। নায়েব আল আমিন সন্ধ্যায় কলমাকান্দা থানা হেফাজতে কর্তনকৃত গাছগুলো প্রেরণ করেন। এরপর সোমবার রাতে বন বিভাগের কর্মকর্তা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।