রূপগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মমতাজ বেগম (৩৮) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টায় উপজেলার তারাব পৌরসভার মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গৃহবধূর স্বামী রঞ্জু মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত মমতাজ বেগম মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার গাঁওদিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে। তারা স্বামী-স্ত্রী উপজেলার মাসাব এলাকার মজিবরের বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে মাসাবো এলাকা মমতাজ নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী এ ঘটনায় স্বামী রঞ্জু মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বাকি ঘটনা তদন্তের পর জানা যাবে।