নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নিয়ে রাজন (২২) নামে অটোরিকশা চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার ভোর ৪টার দিকে উপজেলার রূপসী বাগবাড়ি ব্রিজ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশের চেকপোস্টে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
নিহত রাজন মিয়া রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে কয়েকজন যুবক যাত্রীবেশে রূপসী স্ট্যান্ড থেকে রাজনের অটোরিকশাটি ভাড়া নেয়। পরে বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছিলে অটোরিকশাটি ছিনিয়ে নিতে চালকের ওপর হামলা চালায় তারা। এ সময় রাজনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের পর গলা কেটে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
অন্যদিকে, তারাবো পৌর এলাকায় সুলতানা কামাল সেতুতে চেকপোস্টে বেপরোয়া গতিতে একটি অটোরিকশা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল মিয়া ও জামাল মিয়া নামে দুই যুবককে আটক করে।
আটক ফয়সাল রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে এবং জামাল নোয়াখালী সদরের করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।