সাভারের আশুলিয়ায় সৌদিপ্রবাসী সেন্টু সরকারকে (৩৫) গলাকেটে হত্যার ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ৬ দিন পর নোয়াখালীর বেগমগঞ্জ থেকে নিহতের ফেইসবুক বন্ধু অভিযুক্ত শাকিল আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত রাব্বী হোসেন নামে অপরজন এখনো পলাতক রয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাকিল জানিয়েছেন, সমকামিতার জেরে সেন্টু সরকারকে দুজন মিলে হত্যা করেছেন।
সোমবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিল আহমেদ (২১) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মীরওয়ারিশপুর গ্রামের আবুল খায়ের চৌধুরীর ছেলে। তিনি ঢাকার চকবাজার এলাকায় একটি কসমেটিকস দোকানের কর্মচারী। পলাতক রাব্বী হোসেন (২৩) মানিকগঞ্জ সদর জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট আশুলিয়ার মধুপুর এলাকার নিজ নির্মাণাধীন বাড়ির কক্ষ থেকে সেন্টু সরকার নামে সংখ্যালঘু পরিবারের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে একটি ভাঙা ছুরি ও বটি উদ্ধার করেন তারা।
নিহত সেন্টু গত ৭-৮ মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে ফিরে এই বাড়িতে একাই বাস করে আসছিলেন। যদিও তার স্ত্রী ও পরিবারের বাকিরা ঢাকার ধামরাই এলাকায় আলাদা বসবাস করতেন।
ক্লুলেস এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মামুন কবির জানান, নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনায় কোনো ক্লু পাচ্ছিলেন না তারা।
পরে ফেইসবুকে শাকিল ও রাব্বী নামে দুই যুবকের সঙ্গে নিহত ওই প্রবাসীর ঘনিষ্ঠ সমকামিতার সম্পর্কের তথ্য বেরিয়ে আসে। এরই সূত্র ধরে ৩১ আগস্ট (সোমবার) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে শাকিলকে আটক করা হয়। পরে শাকিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন।
এসআই মামুন আরও বলেন, ফেইসবুকে শাকিল ও রাব্বীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে সৌদিপ্রবাসী সেন্টু সরকারের। কিন্তু আগে থেকেই রাব্বী ও শাকিল সমকামিতার গভীর প্রেমঘটিত সম্পর্কে জড়িয়ে ছিলেন। আর তাদের দুজনের মাঝে প্রবাসী সেন্টু ফাটল সৃষ্টি করার চেষ্টা করছিলেন জানতে পেরে হত্যার পরিকল্পনা করা হয়। পরে শাকিল ও রাব্বী এক সপ্তাহ আগে আশুলিয়ার মধুপুর এলাকায় প্রবাসী সেন্টু সরকারের বাড়িতে আসেন। এরপর রাত্রিযাপন শেষে সেন্টুকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে দুর্বল করে হাত-পা বেঁধে ফেলে ওই দু’জন। পরে তাকে গলাকেটে হত্যার পর পালিয়ে যান তারা।
এ ঘটনায় গ্রেপ্তার শাকিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে সমকামিতার জেরে সেন্টু সরকারকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে হত্যাকাণ্ডে জড়িত রাব্বী নামের অপরজন পলাতক রয়েছেন। আজ মঙ্গলবার রিমান্ড চেয়ে গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।