মঙ্গোলিয়া জাতিগোষ্ঠী অধ্যুষিত উত্তর চীনের শিক্ষাব্যবস্থায় চীনা ভাষা বাধ্যতামূলক করার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিবিসি জানায়, চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে চীনা সরকারি ভাষা মান্দারিন চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং।
এখন থেকে রাজনীতি, ইতিহাস এবং ভাষা ও সাহিত্য-এ তিনটি বিষয় মঙ্গোলিয়া ভাষার পরিবর্তে মান্দারিনে পড়ানো হবে। ধীরে ধীরে এটি বাস্তবায়ন করা হবে।
মঙ্গল অঞ্চলটির স্কুলগুলো নতুন সেমিস্টার শুরু হয়। এ দিন বেইজিংয়ের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায় শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সমাবেশে মঙ্গোলিয়ানরা জানান, বেইজিংয়ের এ সিদ্ধান্তের কারণে সাংস্কৃতিক পরিচয় সংকটে পড়বেন তারা।
শিক্ষা গ্রহণে বাধ্যতামূলক চীনা ভাষা চালুর প্রতিবাদে ইনার মঙ্গোলিয়ার বিভিন্ন শহরে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ করেন।
মার্কিন অর্থায়নে পরিচালিত রেডিও ফ্রি এশিয়া এক প্রতিবেদনে জানায়, শিক্ষার্থীরা মঙ্গোলিয়ান ভাষা রক্ষার্থে স্লোগান দেয়।
স্লোগানে শিক্ষার্থীদের বলতে শোনা যায়, ‘আমাদের ভাষা মঙ্গোলিয়ান, আমাদের জন্মভূমি মঙ্গোলিয়া, আমাদের মাতৃভাষার জন্য আমরা প্রাণ দিব।’
এক বোর্ডিং স্কুল থেকে উত্তেজনা শুরু হয়। অভিভাবকেরা তাদের সন্তানদের স্কুল থেকে ফিরিয়ে নিয়ে যেতে চান। এ সময় সেখানে কয়েকশ দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশের মধ্যে বাগ্বিতণ্ডা শেষে শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে যেতে অনুমতি পান বাবা-মায়েরা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেইজিংয়ের বিরুদ্ধে পোস্ট দিতে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে চীনা সামাজিক মাধ্যম উইবো থেকে অনেক পোস্ট মুছে ফেলা হয়েছে।
এর আগে জিনজিয়াং অঞ্চলেও মুসলিম সংখ্যালঘু গোষ্ঠী উইঘুরদের ওপর একই ধরণের নীতি গ্রহণ করে বেইজিং। সেখানে মুসলিমদের ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় অধিকার কেড়ে নেয়ার অভিযোগ আছে চীনা সরকারের বিরুদ্ধে।