বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ২২০ কর্মকর্তা উপসচিব হলেন

বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার ২২০ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতির পর তাদের পদায়নের জন্য বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০০৬ সালের ২৬ জানুয়ারি থেকে ২০১৮ সালের ২৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন তারিখে তাদের এই পদোন্নতি কার্যকর ধরা হয়েছে।

আরও গতিশীল, সমন্বিত ও জনবান্ধব প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করতে ২০১৮ সালের ১৩ নভেম্বর ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করে সরকার।

ওই সময় এ সংক্রান্ত গেজেটে বলা হয়েছিল, সরকারি কর্ম কমিশনের সমন্বিত মেধা তালিকা অনুসারে পুলে যোগদানকারী ইকোনমিক ক্যাডারের কর্মকর্তা এবং ইকোনমিক ক্যাডারের কর্মকর্তাদের জ্যেষ্ঠতা স্ব স্ব ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে নির্ধারিত হবে।

ইকোনমিক ক্যাডার বিলুপ্ত হওয়ায় ওই ক্যাডারের যেসব কর্মকর্তা প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের মধ্য থেকে এই ২২০ জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হল।