দুই মাস পর সুন্দরবনের জেলেরা মাছ ধরার অনুমতি পেল

প্রায় দুই মাস পর সুন্দরবনে জেলেদের মাছ ধরতে যাওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

মঙ্গলবার অনানুষ্ঠানিকভাবে মাছ ধরার অনুমতি দিয়ে জেলেদের হাতে পাস-পারমিটের কাগজ তুলে দিয়েছে বন বিভাগ।

ঘূর্ণিঝড় বুলবুলের পর সুন্দরবনে জেলেদের মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে বন বিভাগ। এ নিয়ে সুন্দরবনের জেলেরা মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচিও পালন করে।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, বুধবার থেকে জেলেরা আবারও মাছ ধরতে সুন্দরবনে প্রবেশ করতে পারবে।