অ্যাম্বুলেন্স থেকে ফেনসিডিল গাঁজা উদ্ধার, আটক ৩

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকা থেকে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

গত সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়। তারা হলো যশোর কোতোয়ালি থানার রায়পাড়া গ্রামের মাজহারুল ইসলাম সাগর, মথুরাপুর গ্রামের রুবেল হোসেন ও সুলতানপুর গ্রামের ইমরান হোসেন।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, বেসরকারি যশোর পঙ্গু হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে মহেশপুরের সীমান্ত এলাকা থেকে যশোরে মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে মহেশপুর পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকায় চেক পোস্ট বসায় পুলিশ। এ সময় মহেশপুর থেকে যশোরগামী যশোর পঙ্গু হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স থামিয়ে তল্লাশি করে ২২৫ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় গাড়ির চালকসহ ওই তিনজনকে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। যশোর পঙ্গু হাসপাতালের ম্যানেজার আতিয়ার রহমান অ্যাম্বুলেন্সটি তাদের বলে স্বীকার করে জানান, অ্যাম্বুলেন্সের চালক মাজহারুল ইসলাম সাগর সোমবার বিকেলে রোগী আনার কথা বলে মহেশপুর গিয়েছিল। সে মাদক পাচারের সঙ্গে জড়িত এটা তার জানা ছিল না।