শরীয়তপুরে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন না পাওয়ায় এবং সড়কে বাস শ্রমিকদের বাধার মুখে পড়ায় সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শরীয়তপুর-ঢাকা মহাসড়কের জাজিরা টিঅ্যান্ডটি মোড়ে সাড়ে তিন শতাধিক সিএনজিচালিত অটোরিকশার চালক এ কর্মসূচি পালন করেন।
‘এলপিজি চালিত অটো সিএনজি শ্রমিক ইউনিয়ন’-এর সাধারণ সম্পাদক খান এ রুবেল মামুনসহ সিএনজিচালিত অটোরিকশার চালকরা কর্মসূচিতে জানান, শরীয়তপুর শহরের প্রেমতলা এলাকায় বাস শ্রমিকরা তিনটি সিএনজির চালককে আটকে রেখে মারধর করে। পরে পুলিশের সহযোগিতায় সিএনজি ও চালকদের উদ্ধার করা হয়। শুধু একটি ঘটনাই নয়, অনেক দিন ধরে সিএনজিচালকদের বিভিন্নভাবে হয়রানি ও সিএনজি ভাঙচুর করছে বাস শ্রমিকরা। তাছাড়া কয়েক মাস ধরে শরীয়তপুরের বিআরটিএতে সিএনজি রেজিস্ট্রেশনের জন্য সব কাগজপত্র, ব্যাংক ড্রাফট জমা দিলেও বিআইডব্লিউটিএ রেজিস্ট্রেশন দিচ্ছে না।
এ সময় শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু ঘটনাস্থলে গিয়ে সিএনজিচালকদের দাবির কথা শোনেন এবং তাদের দুদিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
আন্তঃজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার মুঠোফোনে বলেন, সড়ক-মহাসড়কে সিএনজি চলার অনুমতি নেই। তাই আমরা বাধা দিয়েছি।