বেবিবাম্পে অনবদ্য গিগি হাদিদ
প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন ২৫ বছর বয়সী সুপার মডেল গিগি হাদিদ। আর সন্তানের বাবা তার প্রেমিক গানের গ্লোবাল স্টার জেইন মালিক। এ কথা ভক্তরা জানেন। অবশেষে বেবিবাম্পের ছবি নিয়ে ইন্সটাগ্রামে হাজির হলেন এই তারকা। তা দেখেই ভক্তরা প্রশংসায় পঞ্চমুখ। অনেকে বলছেন, গর্ভাবস্থায় এমন অনিন্দসুন্দরী হতে পারে মানুষ! কেউ বলছেন, গিগি সব সময় পিকচার পারফেক্ট। মোটকথা প্রেগনেন্ট গিগি ছবি প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। করোনার মধ্যেই ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালকন’-এ প্রথম মা হওয়ার কথা জানিয়েছিলেন গিগি। নিজের বাড়ি থেকেই এই শোতে যুক্ত হন গিগি। তিনি জানান, ‘সোশ্যাল ডিসটেন্সিংয়ের এই সময়টা ভালোই কাটছে বাড়িতে। প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। নতুন অতিথির অপেক্ষায় বাড়ির সবাই। আমি এবং সন্তানের বাবা জেইন খুবই উত্তেজিত প্রথম সন্তানকে ছুঁয়ে দেখার জন্য।’ গত ফেব্রুয়ারিতে গায়ক জেইন মালিকের সঙ্গে সম্পর্কের কথা চাউর করেন হাদিদ। এখন করোনাজনিত লকডাউনে একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা।
করোনার মধ্যেও সুপারহিট ‘টেনেট’
করোনা পরিস্থিতিতে টানা পাঁচ মাস বন্ধ থাকার পর আস্তে আস্তে সচল হতে শুরু করেছে সিনেমা হল। দর্শক উপস্থিতি নিয়ে সংশয় থাকলেও ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ তা অনেকটা ভুল প্রমাণ করেছে। ধারণা করা হয়েছিল প্রথম উইকএন্ডে ছবির আয় ৪ কোটি ডলারের মতো হতে পারে। কিন্তু প্রত্যাশা ছাড়িয়ে আয় করেছে ৫.৩ কোটি ডলার। অবশ্য স্বাভাবিক সময়ে এ অঙ্ককে বড় করে দেখা হতো না। মহামারীর কারণে ইউরোপ, কানাডা ও দক্ষিণ কোরিয়াসহ ৪১টি অঞ্চলে মুক্তি পেয়েছে ‘টেনেট’। বাকি আছে বিশ্বের বড় কয়েকটি বাজার। খুব শিগগিরই চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ল্যান্ড করবে অতি প্রতীক্ষিত এ ছবি। ‘টেনেট’কে ‘ম্যাসিভ অ্যাকশন ব্লকবাস্টার’ হিসেবে বর্ণনা করা হচ্ছে শুরু থেকে। ছবিতে আছেন খ্যাতিমান কয়েকজন অভিনেতা। ডেভিড ওয়াশিংটন, রবার্ট প্যাটিনসন, এলিজাবেথ ডেবিস্কি, ডিম্পল কাপাডিয়া, অ্যারন টেইলর- জনসন, ক্লিমেন্স পোসি, মাইকেল কেইন ও কেনেথ ব্রানাগসহ অনেকে অভিনয় করেছেন। পরিচালনার পাশাপাশি ‘টেনেট’-এর গল্প ও চিত্রনাট্য নোলানের। এতে একসঙ্গে সমন্বয় করেছেন ৭০ মিমি ও আইম্যাক্স ক্যামেরা। ক্যামেরায় ছিলেন পরিচালকের আগের সিনেমা ‘ডানকৃক’-এর চিত্রগ্রাহক হয়ট ভন হয়টেমা। ‘টোয়ালাইট’-খ্যাত প্যাটিনসন এই ছবির মাধ্যমে নোলানের সঙ্গে প্রথমবার কাজ করছেন। ‘টেনেট’কে তিনি বড় পরিসরের স্বাধীন সিনেমা বলে উল্লেখ করেন। চিত্রনাট্য পড়ে তার মনে রয়েছিল ‘কল্পনাবিলাসী’। ছবির কাহিনী এগিয়েছে দুই গোয়েন্দা ও তাদের অনুসন্ধান নিয়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে নোলানের সিগনেচার বিষয় ‘টাইম’। ট্রেলার থেকে ধারণা করা হচ্ছে, এই কাহিনীতে আরও পরিপূর্ণভাবে সময়-পরিভ্রমণকে সাজিয়েছেন বিখ্যাত নির্মাতা।