নারায়ণগঞ্জের শিশু সাদমান সাকি অপহরণ মামলা র্যাবে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ আদেশ দেন। এর আগে মামলাটি তদন্ত করে আসছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহম্মেদ বলেন, দেড় বছরের সাদমানের অপহরণ খুবই হৃদয়বিদারক। তার বাবা-মা এখনো সাদমানের জন্য অপেক্ষায় আছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। কিন্তু দীর্ঘ সময় পরও কোনো সুরাহা হচ্ছে না। করোনার পূর্বে আমরা মামলাটি র্যাবের কাছে হস্তান্তরের আবেদন জানাই। আজ শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন আদালত মামলাটি র্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। আমরা মনে করি, র্যাব এ মামলার তদন্ত কাজ খুব দ্রুততার সঙ্গে শেষ করবে।
সাকির বাবা সৈয়দ উমর খালেদ বলেন, দীর্ঘদন যাবৎ আমি আমার সন্তানের জন্য লড়াই করে যাচ্ছি। কিন্তু তবু কেউ আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিতে পারছে না। আমার র্যাবের ওপর আস্থা আছে। আমি আশা করব, র্যাব অতিদ্রুত সন্তানটিকে আমার কাছে ফিরিয়ে দেবে।
২০১৭ সালের ১ ডিসেম্বর নারায়ণগঞ্জ দেওভোগ এলাকার নিজ বাড়ি থেকে অপহরণ হয় শিশু সাকি। ওই ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন সাদমানের বাবা।