সাত বছর মধ্যে ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ডে প্রথম ভারতীয়

ইউএস ওপেনে ইতিহাস গড়লেন সুমিত নাগাল। ২০১৩ সালের পর প্রথম ভারতীয় হিসাবে এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠলেন।

যুক্তরাষ্ট্র ওপেনের ফ্লাশিং মেডোয় প্রথম রাউন্ডে ২ ঘণ্টা ১২ মিনিটের লড়াইয়ে স্বাগতিক ব্রাডলি ক্লানকে ৬-১, ৬-৩, ৩-৬, ৬-১ গেমে হারান সুমিত। গত সাত বছরে তিনিই প্রথম ভারতীয় যিনি গ্র্যান্ড স্লামের মূল পর্বের সিঙ্গলসে জয় লাভ করলেন।

ফার্স্ট সার্ভে নাগালের জেতার শতকরা হার ৮০ শতাংশ। অন্যদিকে, মার্কিন তারকা ১৫টি আনফোর্সড এরর করেন। প্রথম সেটের পর দ্বিতীয় সেটেও নাগাল নিজের আধিপত্য ধরে রাখেন। ৬-৩ এ জিতে নেন দ্বিতীয় সেট।

তবে তৃতীয় সেটে ফিরে আসেন ব্রাডলি ক্লান। নিজের ওপর নিয়ন্ত্রণ এনে কান তৃতীয় সেট দখল করেন ৬-৩ ব্যবধানে। এরপর চতুর্থ সেটে আর ফিরে তাকাতে হয়নি সুমিতকে। চতুর্থ সেটের শুরুতেই একটি ব্রেক পয়েন্ট ছিনিয়ে নেন। তারপর ৬-১ এ জিতে বাজিমাত করেন তিনি।

গত বছর টুর্নামেন্টটির প্রথম রাউন্ডে কিংবদন্তি রজার ফেদেরারের থেকে একটি সেট ছিনিয়ে নজর কেড়েছিলেন ২৩ বছর বয়সী সুমিত।