তাড়ি খেলে সেরে যাবে ক্যানসারসহ ১৫ রোগ: ভারতীয় মন্ত্রী

তাড়ি পানের প্রতি উৎসাহিত করেছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের যুব, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী ভি শ্রীনিবাস গৌড়। এতে ক্যানসারসহ ১৫টি রোগ সেরে যাবে বলে তিনি মন্তব্য করেন।

জি নিউজ জানায়, করোনা পরিস্থিতিয়ে লকডাউনের সময় কেন্দ্রীয় সরকার যখন মদ বিক্রি বন্ধ করেছিল তখনো তিনি তাড়িকে বিকল্প হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

লকডাউনে রাজ্যের সব জায়গায় মদের বদলে তাড়ি বিক্রির দাবি জানিয়েছিলেন তিনি। মে মাসে তার সেই বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।

এবার তাড়ির গুণগান বর্ণনা করে বললেন, তাড়ি খেলে ক্যানসারসহ ১৫টি রোগে সেরে যেতে পারে। তবে তাড়ি পান করতে হবে নিয়মিত।

তার এই পরামর্শ ভাইরাল হতে সময় নেয়নি এবং নতুন করে বিতর্ক সৃ্ষ্টি করে।

তেলেঙ্গানার জনগাঁও জেলার রঘুনাথপল্লী ব্লকের মণ্ডলাগুদেম গ্রামে স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা সারওয়াই পাপান্নার মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন ভি শ্রীনিবাস গৌড়।

সেখানে মঞ্চ থেকে তিনি বলেন, ‘তাড়ি এখন আর শুধুমাত্র গরিব মানুষের পানীয় নয়। এখন মার্সিডিজ চড়া লোকজনও তাড়ির খোঁজ করছে। কারণ তাড়ির গুণাগুণ সম্পর্কে লোকে এখন জানতে পেরেছে। তেলেঙ্গানা সরকার গাছ থেকে তাড়ি সংগ্রহের পেশায় আরও বেশিসংখ্যক মানুষকে নিয়োগ করার ব্যাপারে ভাবনা-চিন্তা শুরু করেছে। নিয়মিত তাড়ি পান করতে পারলে ক্যানসারসহ ১৫টি রোগ সেরে যেতে পারে।’

তেলেঙ্গানার আবগারি দপ্তর তাড়ি থেকে তৈরি মদ ‘নীরা’ বাজারে এনেছিল জুন মাসে। তবে সেই তাড়ি ফার্মেন্টেড ছিল না। তাড়ি গেঁজিয়ে ওঠার আগে বোতলে ভরে নীরা উৎপাদন করা হতো। সেই মদের গুনাগুণ নিয়েও এর আগে গৌড়াকে বলতে শোনা গিয়েছিল।

তিনি সে সময় দাবি করেছিলেন, তাড়ি পান করলে কিডনিতে পাথর জমতে পারে না। এমনকি মধুমেহ, কোষ্ঠকাঠিন্য রয়েছে এমন রোগীদের নিয়মিত তাড়ি খাওয়া উচিত। তাড়িতে থাকা আয়রন ও পটাশিয়াম মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে বলেও তিনি দাবি করেছিলেন।