চট্টগ্রাম নগরীর ৭ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার নগরীর কোতোয়ালি, চকবাজার ও বাক‌লিয়া থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।

মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ‘অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য, অননু‌মো‌দিত রং, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন কাটা ওষুধ ধ্বংস করা হয়।’

তিনি আরও জানান, চাক্তাইয়ের চালের আড়তে বিক্রেতাদের ক্রয়-বিক্রয়ের ভাউচার পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি তাদের মূল্য তালিকা প্রদর্শন করতে এবং অনৈতিক মুনাফা না করতে সাবধান করা হয়।