এই দিনে

সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও সাহিত্যিক আবুল মনসুর আহমদের জন্ম ১৮৯৮ সালের ৩ সেপ্টেম্বর ময়মনসিংহে। তার বাবার নাম আবদুর রহিম ফরায়জী ও মা মীর জাহান বেগম। পেশাদার সাংবাদিক হিসেবে তিনি সোলতান, মোহাম্মদী, দ্য মুসলমান, কৃষক, নবযুগ, ইত্তেহাদ ইত্যাদি পত্রিকায় নানা পদে কাজ করেছেন। ১৯৩৮ সালের ডিসেম্বরে তিনি দৈনিক কৃষক পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। তার রাজনৈতিক জীবন খিলাফত ও অসহযোগ আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে শুরু হলেও তিনি এ আন্দোলনের বাস্তবতা সম্পর্কে বেশ সন্দিহান ছিলেন। কংগ্রেস দলের সঙ্গে সম্পৃক্ত থাকা সত্ত্বেও তিনি ছিলেন কেন্দ্রীয় কংগ্রেস নীতির বিরুদ্ধে। ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ দল প্রতিষ্ঠায় তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ১৯৫৪ সালে ফজলুল হক মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত হন। ১৯৫৬-৫৭ সালে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৮ সালে সামরিক শাসন জারি হলে তিনি কারারুদ্ধ হন এবং ১৯৬২ সালে মুক্তি পান। বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেও তিনি পরিচিত। তার উল্লেখযোগ্য রচনা আয়না, ফুড কনফারেন্স এবং স্মৃতিকথা : আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর। তিনি বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা দিবস পদক ও নাসিরউদ্দীন স্বর্ণপদকে ভূষিত হন।  ১৯৭৯ সালের ১৮ মার্চ তার মৃত্যু হয়।