ভারতের সাবেক রাষ্ট্রপতি ও নড়াইলের জামাই প্রণব মুখার্জির মৃত্যুতে নড়াইলে রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালন ও স্মরণ সভা হয়েছে।
রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সকাল থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বেলা সাড়ে ১১টার দিকে প্রণবপতœী শুভ্রা মুখার্জির মামাবাড়ি সদর উপজেলার তুলারামপুর গ্রামের রাধা গোবিন্দ মন্দির চত্বরে প্রণব মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা, শোক বইয়ে স্বাক্ষর ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের আয়োজনে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম ও তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল ইসলাম। এ সময় শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের পরিচালক অয়ন কুমার ঘোষ, শুভ্রা মুখার্জির মামাতো ভাই কার্তিক ঘোষ, বিশ^নাথ ঘোষ, শুভ্রা মুখাজি ফাউন্ডেশনের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের অমরেন্দ্রনাথ ঘোষের কন্যা শুভ্রা ঘোষ ১০ বছর বয়সে কলকাতায় চলে যান। ১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণব মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।