কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ‘আওয়ামী লীগে অনুপ্রবেশকারী’ বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
গত মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সালামের নেতৃত্বে মেঘনা আওয়ামী লীগের একাংশ দাবি করে সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান রতন শিকদারকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী দাবি করা হয়।
পাল্টা সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ জানিয়ে রতন শিকদার বলেন, আমি মেঘনা উপজেলার জন্মলগ্ন থেকে এ পর্যন্ত তিনটি আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম। সর্বশেষ সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটে আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি এবং নৌকা প্রতীক নিয়ে জনগণের ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি। ১৯৮০ সালে নারায়ণগঞ্জ তুলারাম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে শামীম-জাহাঙ্গীর প্যানেলে নির্বাচিত সদস্য ছিলাম।