নড়াইলে ১২ বছর বয়সী সন্তানের হত্যার বিচারের দাবিতে নড়াইল প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এক মা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নড়াইল প্রেস ক্লাবের সামনে মা আন্না বেগম তার মেয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রোকছানাকে সঙ্গে নিয়ে দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। দেড় বছর আগে তার শিশু সন্তান চতুর্থ শ্রেণির ছাত্র সাব্বিরের মৃতদেহ উদ্ধার করা হয়।
অবস্থানকালে আন্না বেগম সন্তান হত্যাকারীদের খুঁজে বের করা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জানা গেছে, ৪র্থ শ্রেণির ছাত্র সাব্বির হোসেন জেলার কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে। বাবা তার মায়ের কোনো খোঁজ-খবর নিতেন না। সাব্বির মা আন্না বেগমের সঙ্গে নড়াইল পৌর এলাকার বিজয়পুরে নানা বাড়িতে বাস করতো।
মায়ের মুখে হাসি ফোটাতে সাব্বির ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে সংসারের খরচ জোগাতে। আর এই ভ্যানই তার জীবনে কাল হয়ে দাঁড়ায়।
২০১৯ সালের ১৫ মার্চ বিকেলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয় সাব্বির। পরে আর ফেরেনি। এর দু’দিন পর ১৭ মার্চ বাড়ির থেকে ৩ মাইল দূরে নড়াইল-গোবরা সড়কে কাড়ারবিল এলাকায় একটি ডোবার মধ্যে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে সময় ধারণা করা হয় সাব্বিরকে হত্যা করে ব্যাটারিচালিত ভ্যানটি দুর্বৃত্তরা নিয়ে যায়।
এ ঘটনায় সাব্বিরের মা আন্না বেগম বাদী হয়ে ১৯ মার্চ সদর থানায় কারও নাম উল্লেখ না করে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করে। মামলাটির কোনো অগ্রগতি না হওয়ায় বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলার তদন্ত সিআইডিতে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরমিন বলেন, ‘মামলাটি আমরা ৪ মাস পর পাই। তখন সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু কোনো ক্লু পাওয়া যায়নি। আমরা দোষীদের খুঁজে বের করতে আন্তরিকভাবে চেষ্টা করছি। কিন্তু বাদী বিভিন্ন সময় বিভিন্ন জনের নাম বলায় আমরা বিভ্রান্ত হচ্ছি। কিন্তু আমরা ঠান্ডা মাথায় মামলাটির তদন্ত করছি। চার্জশিট এখন দেওয়া সম্ভব হয়নি। প্রকৃত দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছি।’