ইউএনওর ওপর হামলা ছিল হত্যাচেষ্টা: ডিসি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের (ইউএনও) ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে বলে ধারণা করছেন দিনাজপুরের ডিসি মাহমুদুল আলম।

তিনি বলেন, পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে এটা ছিল হত্যার চেষ্টা। সিসি ক্যামেরা দেখা হচ্ছে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনা পর্যালোচনা করা হচ্ছে।

বুধবার রাত ৩টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইউএনওর বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে হামলা চালানো হয়। এতে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী আহত হন।

ইউএনওর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বৃহস্পতিবার ঢাকায় জাতীয় নিউরোসায়েন্স ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। ইউএনওর বাবাকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে রংপুরের বিভাগীয় কমিশনার অব্দুল ওহাব ও রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার পর থেকে র‌্যাব ও পুলিশ সরকারি বাড়িটি ঘিরে রেখেছে। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া কাউকে যেতে দেওয়া হচ্ছে না।