চট্টগ্রামের বন্দর থেকে পতেঙ্গা এলাকার প্রায় ১০ লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবার জন্য একটি মাতৃসদন কাম জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার জন্য আবেদন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনিযুক্ত প্রশাসক মো. খোরশেদ আলম সুজন।
বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নানকে এ-সংক্রান্ত দুটি পৃথক চিঠি দিয়েছেন তিনি।
চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন চিঠিতে উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে পতেঙ্গাসহ সন্নিহিত এলাকায় ইপিজেড, গার্মেন্টস, অসংখ্য শিল্প কারখানা ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১০-১৫ লাখ শ্রমিক কাজ করেন। যাদের অধিকাংশই নারী। এর মধ্যে বছরে প্রায় ২-৩ লাখ নারী গর্ভবতী হন। গর্ভধারণ থেকে সন্তান প্রসব পর্যন্ত এই কর্মজীবী নারীদের জন্য এই এলাকায় কোনো মাতৃসদন হাসপাতাল নেই।
এ ছাড়া বন্দর ব্যস্ততম এলাকা হওয়ায় এখানে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এর ফলে গর্ভবতী মায়েদের ১০-১৫ কিলোমিটার দূরবর্তী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা নেওয়া অনেক সময় সাপেক্ষ। এ জন্য তারা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। তাই এ এলাকায় একটি মাতৃসদন কাম জেনারেল হাসপাতাল খুব প্রয়োজন।
তাই এই হাসপাতাল প্রতিষ্ঠায় ব্যবস্থা গ্রহণের জন্য চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেছেন।