বার্সেলোনা থেকে লুইস সুয়ারেজের জুভেন্তাসে যাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। তবে পাসপোর্ট ইস্যুতে ইতালিয়ান ক্লাবে যাওয়া বিলম্বিত হচ্ছে উরুগুইয়ান তারকার।
বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের পরিকল্পনায় নেই সুয়ারেজ। কোম্যান বিষয়টি সুয়ারেজকে জানিয়েও দিয়েছেন। যদিও সুয়ারেজ সংবাদমাধ্যমে বলেছিলেন, বদলি হিসেবে খেলতে হলেও বার্সায় থাকতে চান তিনি।
কিন্তু কোম্যানের বলা কথার পর প্রেক্ষাপট বদলে গেছে। জুভান্তাস সুয়ারেজকে পেতে বেশ উঠে পড়েই লেগেছে বলতে হবে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জুভেন্তাসের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি রয়েছেন সুয়ারেজ।
কিন্তু ‘লা গাজ্জেত্তা দেল স্পোর্ট’ জানিয়েছে সুয়ারেজের ইতালিতে বসবাস ও ওয়ার্ক পার্মিটের জন্য অনুমোদন লাগবে। তার স্ত্রী সোফিয়া বালবি ইতালিয়ান পাসপোর্টধারী। তবে ইতালিতে স্ত্রীর পাসপোর্ট থাকলে কোনো ব্যক্তি ইউরোপীয় হিসেবে বিবেচিত হন না।
জুভেন্তাস ছাড়াও পিএসজি, আতলেতিকো মাদ্রিদ আগ্রহী ৩৩ বছর বয়সী সুয়ারেজকে দলে পেতে। সুয়ারেজ জুভেন্তাসে যোগ দিলে সাবেক বার্সা সতীর্থ আর্থার মেলোর সঙ্গে মিলন হবে তার। কদিন আগেই বার্সা ছেড়ে জুভেন্তাসে যোগ দিয়েছেন ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার।