শরীয়তপুরের নড়িয়া

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার রাত ৮টার দিকে নড়িয়া বড় ব্রিজসংলগ্ন বাজারের ওই ঘটনায় উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তাদের দাবি, এ সময় দুই শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় নড়িয়া বাজার ও আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় মোক্তারেরচর ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌকিদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এর জেরে গত বুধবার রাতে নড়িয়া বড় ব্রিজের পশ্চিম পাশের বাজারে হঠাৎ করে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। ঘণ্টাব্যাপী এই ধাওয়া-পাল্টাধাওয়ায় ইটপাটকেল নিক্ষেপ ও দুই শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় উভয় গ্রুপের সমর্থকরা।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।