দ্রুত সময়ে মামলা প্রত্যাহার ও বিতর্কিত ব্যবস্থাপককে বদলির আশ্বাসে দীর্ঘ ৩৭ দিন বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার থেকে কাজে যোগ দিয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই চা-বাগানের শ্রমিকরা। এদিন দুপুরে উপজেলা প্রশাসন, চা-শ্রমিক নেতারা, শ্রম অধিদপ্তরের কর্মকর্তা ও মালিকপক্ষের সঙ্গে যৌথ বৈঠক শেষে কাজ শুরু করেন চা-শ্রমিকরা। এর আগে গত ২৭ জুলাই সন্ধ্যায় মালিকপক্ষের নোটিসে ২৮ জুলাই থেকে চা-বাগানের কার্যক্রম বন্ধ থাকে।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, ‘বৈঠকে শ্রমিকদের দাবি অনুযায়ী বিতর্কিত ব্যবস্থাপক আমিনুল ইসলামকে বদলি ও মাধবপুর ইউনিয়ন চেয়ারম্যান পুষ্প কুমার কানু এবং নেতারাসহ ১৩ জন চা-শ্রমিকের বিরুদ্ধে করা মামলাটি দ্রুত সময়ে প্রত্যাহারের আশ্বাস প্রদান করে মালিকপক্ষ। এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে ৩৭ দিন পর গতকাল দুপুর থেকে কাজে যোগ দিয়েছেন চা-শ্রমিকরা। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, ‘দলই চা-বাগান মালিকপক্ষের দেওয়া আশ^াস পূরণ হলে আর দলই চা-বাগানে কোনো সমস্যা থাকার কথা নয়।’