যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়ার পর দিন বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ২৩ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে গতকাল বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আদেশে বলা হয়েছে, ‘অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতি বা জ্যেষ্ঠতা কার্যকর করার ক্ষেত্রে প্রজ্ঞাপন জারির পূর্বের কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না। তবে ইতোমধ্যে প্রাপ্ত সুবিধা বহাল থাকবে। ২০১৮ সালের ১৩ নভেম্বর ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করে সরকার। এরপর গত মঙ্গলবার বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার ২২০ কর্মকর্তাকে উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়। ২০০৬ সালের ২৬ জানুয়ারি থেকে ২০১৮ সালের ২৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন তারিখে তাদের পদোন্নতি কার্যকর ধরা হয়। পরদিন বুধবার তাদের মধ্য থেকে ১৩৪ জনকে যুগ্ম সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়। ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ৫ জুন পর্যন্ত বিভিন্ন তারিখে তাদের পদোন্নতি কার্যকর ধরা হয়। যুগ্ম সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্তদের মধ্য থেকে গতকাল ২৩ জনকে অতিরিক্ত সচিব হিসেবে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়। ২০১৫ সালের ৬ এপ্রিল থেকে ২০১৯ সালের ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন তারিখে তাদের পদোন্নতি কার্যকর ধরা হয়েছে।