একে-৪৭ রাইফেলের আধুনিক ভার্সন একে-৪৭ ২০৩-এর জোগান বাড়াতে রাশিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে ভারত। এই চুক্তির আওতায় রাশিয়া ভারতে বসে যৌথভাবে ৬ লাখ রাইফেল তৈরি করতে দেশটিকে সাহায্য করবে। আর এককভাবে ১ লাখ রাইফেল যাবে রাশিয়া থেকে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের সফরে গিয়ে এই চুক্তি চূড়ান্ত করেছেন।
রাশিয়ার মিডিয়া সূত্রে খবর, ভারতে বসেই যাতে একে-৪৭ ২০৩ রাইফেল তৈরি করা যায়, বৃহস্পতিবার তা নিয়েই চুক্তি চূড়ান্ত হয়। রাজনাথ সিংয়ের সফরের অন্যতম উদ্দেশ্যই ছিল এই চুক্তির বিষয়টি চূড়ান্ত করা।
একে-৪৭ ২০৩ রাইফেল হল একে-৪৭ রাইফেলের সর্বশেষ এবং সর্বাধুনিক সংস্করণ। ইন্ডিয়ান স্মল আর্মস সিস্টেম, ইনসাস ৫.৫৬x৪৫ এমএম অ্যাসল্ট রাইফেলের পরিবর্ত হিসেবে ভারতীয় সেনারা এই একে-৪৭ ২০৩ রাইফেল ব্যবহার করবেন।
নির্মলা সীতারমন প্রতিরক্ষামন্ত্রী থাকাকালীনই রাশিয়ার কালাশনিকভের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীর জন্য ৭ লাখ ৭০ হাজার একে-৪৭ ২০৩ রাইফেল তৈরি করা হবে।
ভারতের বেসরকারি সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, উভয়পক্ষই এদিনের আলোচনাকে স্বাগত জানিয়েছে।
ইন্দো-রাশিয়া রাইফেলস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে যৌথ উদ্যোগে ভারতে এই রাইফেলগুলো তৈরি হবে। অন্যদিকে অর্ডানেন্স ফ্যাক্টরি বোর্ড (ওএফবি), রাশিয়ার কালাশনিকভ কনসার্ন ও রোসোবারোনেক্সপোর্ট মিলিতভাবে বাকি রাইফেলগুলো বানাবে।