বাজার এখন পাকা তালে ভরপুর। তাল দিয়ে চার রকমের পিঠার রেসিপি দিয়েছেন জিন্নাত রায়হান সুমী
পাটিসাপটা
উপকরণ
পিঠার জন্য : তালের গোলা ১ কাপ, ময়দা আধা কাপ, চালের গুঁড়ো ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ডিম ১টা।
পুরের জন্য : কোরানো নারকেল ১ কাপ, দুধের ক্ষীর আধা কাপ ও চিনি আধা কাপ একসঙ্গে জ্বাল দিয়ে পুর তৈরি করে নিন।
যেভাবে তৈরি করবেন
১. তালের গোলার সঙ্গে পিঠার বাকি সব উপকরণ দিয়ে মিশ্রণ তৈরি করে নিন।
২. এবার তাওয়াতে সামান্য ঘি লাগিয়ে হাতলে করে গোলা দিয়ে তাওয়া ঘুরিয়ে রুটি তৈরি করতে হবে।
৩. ওপরটা শুকিয়ে এলে পুর দিয়ে রোল করে তৈরি করুন তালের পাটিসাপটা।
বিবিখানা
উপকরণ
জ্বাল দিয়ে ঘন করা তালের রস ২ কাপ, চালের গুঁড়ো ২ কাপ, ময়দা আধা কাপ, গুঁড়ো দুধ ১ কাপ, কোরানো নারকেল ১ কাপ, তরল দুধ ১ কাপ, চিনি ২ কাপ, তেল ১ কাপ, ডিম ১ হালি, বেকিং পাউডার ২ চা চামচ, এলাচ গুঁড়ো ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. গুঁড়ো দুধ, চালের গুঁড়ো, ময়দা, এলাচ গুঁড়ো ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে জায়গায় রাখুন।
২. আরেকটি বাটিতে ডিম ফেটিয়ে তাতে দুধ, চিনি ও তেল দিয়ে আবারও ফেটিয়ে নিন। যাতে ভালোভাবে মিশে যায়। চিনি গলে গেলে তাতে সামান্য তালের রস মিশিয়ে নিন।
৩. তালের রসের এ মিশ্রণের সঙ্গে চালের গুঁড়োর মিশ্রণটি ধীরে ধীরে মিশিয়ে নিন। এমনভাবে মেশাতে হবে, যাতে চালের গুঁড়ো দানা দানা হয়ে না থাকে।
৪. এবার বেকিং ডিশে তেল দিয়ে ব্রাশ করে শুকনা ময়দা ছিটিয়ে নিন। ডিশে এই মিশ্রণটি ঢেলে নিন।
৫. ১৬০ ডিগ্রি তাপে প্রিহিট করে ওভেনের দুই নম্বর তাকে মিশ্রণের ডিশটি রাখুন। এবার প্রথম ৩০ মিনিট ১৬০ ডিগ্রি তাপে এবং পরের ৩০ মিনিট ১৫০ ডিগ্রিতে বেক করে নিন।
৬. হয়ে গেলে ঠান্ডা করে প্লেটের ওপর উল্টিয়ে বের করে নিন। পিঠার ওপরে কোরানো নারকেল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
কেক
উপকরণ
ঘন তালের রস ১ কাপ, ময়দা আধা কাপ, সুজি দেড় কাপ, পানি ১ কাপ, চিনি ১ কাপ, শুকনো নারকেলের গুঁড়ো ৪ টেবিল চামচ, লবণ আধা চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. সব উপকরণ একত্রে ভালো করে মাখিয়ে নিন।
২. স্টিলের টিফিন বক্সের ভেতর তেল মেখে কাগজ বসিয়ে কেটে মিশ্রণটি ঢেলে দিন।
৩. এবার ঢাকনা দিয়ে গরম পানির ওপরে ভাপে বসিয়ে রাখুন দেড় ঘণ্টার মতো।
৪. হয়ে গেলে কেক নামিয়ে ঠান্ডা করে স্লাইস করে কেটে পরিবেশন করুন।
পান্না কোটা
উপকরণ
জ্বাল দেওয়া তালের ঘন রস ২ কাপ, তরল দুধ ১ লিটার, কনডেন্সড মিল্ক ১ টিন, ডানো ক্রিম ১ টিন, চিনি আধা কাপ, চায়না গ্রাস ১৮ গ্রাম।
যেভাবে তৈরি করবেন
১. ৮ গ্রাম চায়না গ্রাস ১ কাপ গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে রেখে চুলায় দিন। চায়না গ্রাস গলে গেলে চিনি দিন।
২. এবার তালের রসের সঙ্গে চায়না গ্রাসের মিশ্রণ মিলিয়ে ছোট ছোট কাপ কেকের মোল্ডে ঢালুন।
৩. তরল দুধ, কনডেন্সড মিল্ক, ডানো ক্রিম একসঙ্গে জ্বাল দিন।
৪. বাকি চায়না গ্রাস গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে রেখে দুধের মিশ্রণে দিয়ে দিন। মাঝারি আঁচে জ্বাল করুন। সব একসঙ্গে মিশে গেলে নামিয়ে নেড়ে ঠাণ্ডা করুন। এবার মোল্ডের ওপর ঢেলে দিন।
৫. দেড় থেকে ২ ঘণ্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন।