চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক মো. খোরশেদ আলম সুজন বলেছেন, চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে চসিকের হারানো গৌরব পুনরুদ্ধার করা হবে।
শনিবার সকালে কাট্টলী মোস্তফা হাকিম সিটি করপোরেশন মাতৃসদন হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
খোরশেদ আলম সুজন বলেন, একসময় সিটি করপোরেশনের মেটারনিটি হাসপাতালগুলো প্রসূতি মায়েদের সেবা প্রদানে নগরবাসীর আস্থা অর্জন করেছিল। দূর-দূরান্ত থেকে মানুষ এখানে সেবা নিতে আসত। সর্বোপরি চিকিৎসাব্যবস্থার দক্ষতা ও সক্ষমতা সুপ্রতিষ্ঠিত ছিল। পরে নানা কারণে সেই সুনাম আর ধরে রাখা সম্ভব হয়নি। পরিদর্শনকালে সুজন হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন। সেবা পেতে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না জানতে চান।
প্রশাসক হাসপাতালে রোগী স্বল্পতায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার এই ঝটিকা অভিযান চলমান থাকবে। এতে কোনো অনিয়ম, দুর্নীতি কিংবা সেবাবঞ্চিতের অভিযোগ আমলে নিয়ে কর্তব্যরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় প্রশাসক হাসপাতালের রেজিস্টার, হাজিরা বই, ওষুধপত্র ও মালামাল স্টোর তদারকি করেন। পরে তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি ও আয়-ব্যয় হিসাব দাখিলের নির্দেশনা দেন।
চসিক প্রশাসক বলেন, চিকিৎসা পেশাটি মহান। একজন চিকিৎসক জীবন এবং মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে জীবনের ফুল ফোটান। তাই চিকিৎসকদের আরও আন্তরিক হতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সুসংহত চাকরিবিধি ও প্রবিধান না থাকায় অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এখানে চাকরি করতে আগ্রহী নন। একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর যে সম্মানজনক বেতনকাঠামো থাকা দরকার তা অবশ্যই হবে এবং মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে।
পরিদর্শনকালে ডা. নাসিম ভূঁইয়া, ডা. সুশান্ত বড়ুয়া, ডা. ইফাত জাহান, ডা. নোমান ও ডা. আইরিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।