এখনই অধিনায়কত্ব বদলানোর কোনো ভাবনা নেই: আকরাম

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন সাকিব আল হাসান। ২৮ অক্টোবর তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে। জোর গুঞ্জন টাইগারদের শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টেই হয়তো ফিরবেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ইতিবাচক। তবে নির্বাসন কাটিয়ে মাঠে ফিরেই অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব।

তিন ফরম্যাটে এখন বাংলাদেশের তিন অধিনায়ক। টেস্টে মুমিনুল হক। ওয়ানডেতে তামিম ইকবাল ও টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ।

সাকিব নিষিদ্ধ হওয়ার আগে টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন। পরে তার স্থলাভিষিক্ত হয়েছেন মুমিনুল ও মাহমুদউল্লাহ। আর মাশরাফী বিন মোর্ত্তজার অবসরের পর ওয়ানডে অধিনায়ক হয়েছেন তামিম।

আসছে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ চূড়ান্ত। যে সিরিজে মুমিনুলের ওপরই আস্থা বিসিবির। সংস্থাটির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে শনিবার বলেন, ‘এখনই অধিনায়কত্ব বদলানোর কোনো ভাবনা নেই। সৌরভ (মুমিনুলের ডাক নাম) আছে, ওই থাকবে। নেতৃত্বে পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।’ অর্থাৎ সাকিব টেস্ট দিয়ে ফিরলে মুমিনুলের নেতৃত্বেই খেলতে হবে তাকে।

এদিকে শনিবার সকালে বিকেএসপিতে প্রথম অনুশীলন করেছেন সাকিব। জানা গেছে ছেলেবেলার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে ভোর সাড়ে সাতটা থেকে কাজ শুরু করেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার।

নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবকাঠামো ব্যবহার করার সুযোগ নেই। এ জন্য সাকিব অনুশীলনের জন্য বেছে নিয়েছেন বিকেএসপিকে।

প্রাথমিকভাবে এক সপ্তাহের অনুশীলন পরিকল্পনা তৈরির ভার সাকিব ছেড়ে দিয়েছেন সালাউদ্দিনের কাঁধে। এদিন রানিং দিয়ে শুরু হয় তার দিনের কার্যক্রম। সালাউদ্দিন ছাড়াও সাকিবের ট্রেনিং প্রোগ্রামের তত্ত্বাবধানে আছেন তার ছোটবেলার আরেক কোচ নাজমুল আবেদীন ফাহিম।