লালমনিরহাটের আদিতমারী-মহিষখোচা রাস্তাটিতে নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কার কাজ করার অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করার সংবাদ প্রকাশ করার কারণে আদিতমারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেনকে হুমকি দিয়েছে ঠিকাদারের লোকজন। পরে স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী এসে কাজ বন্ধ করে দেন।
আদিতমারী উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফজলুল হক সাংবাদিকদের জানিয়েছেন, নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা ঢালাইয়ের কোনো সুযোগ নেই।
সরেজমিন দেখা গেছে, আদিতমারী-মহিষখোচাগামী বুড়িরবাজার নামক সড়কটির ১০০ মিটার আরসিসি ঢালাই করার আগে নিচে খোয়া দিয়ে ঢালাই করা হবে। এরপর তার ওপরে রড বসিয়ে পাথর দিয়ে ঢালাই করার কথা। কিন্তু শুরুতেই নিম্নমানের খোয়া ব্যবহার করার অভিযোগ উঠেছে ঠিকাদার ইকবাল হোসেন দাউদের বিরুদ্ধে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই রাস্তায় ফেলা হয় নিম্নমানের খোয়া। এসব খোয়া নিয়ে রয়েছে এলাকাবাসীর বিস্তর অভিযোগ।
এ বিষয়ে ওই কাজের তদারকি কর্মকর্তা আদিতমারী উপজেলা প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফজলুল হক বলেন, খোয়াগুলো রাস্তায় ফেলার আগে নেট দিয়ে পরিষ্কার করার পর পানি দিয়েও পরিষ্কার করতে হবে।
লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের বন্যায় নষ্ট হওয়া সড়কগুলো সংস্কার করতে আদিতমারী উপজেলার বুড়িরবাজার-মহিষখোচা সংযোগ সড়কের ৫ কিলোমিটার সড়ক সংস্কার করতে বরাদ্দ দেওয়া হয় ২ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার ৩৭২ টাকা। যার মধ্যে বুড়িরবাজারে ১০০ মিটার ও মহিষখোচা বাজারে ৫০০ মিটার আরসিসি ঢালাই ধরা হয়। দরপত্রের মাধ্যমে কাজটি পেয়েছেন স্থানীয় ঠিকাদার আবদুল হাকিম। কিন্তু তার কাছ থেকে কমিশনে কাজটি কিনে নিয়েছেন স্থানীয় ঠিকাদার ইকবাল হোসেন দাউদ। ওই সময়ে জোড়াতালি দিয়ে সড়কটির সংস্কার কাজ করা হলেও দুই বাজারে ৬০০ মিটার আরসিসি ঢালাই বাকি রেখেই সাবেক উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগসাজশ করে ঠিকাদার ৯৫ ভাগ কাজ সম্পন্ন দেখিয়ে মোট বরাদ্দের ৯৫ শতাংশ বিল উত্তোলন করে নেন।
এদিকে, নিম্নমানের খোয়া দিয়ে কাজ শুরুর করলে আদিতমারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশ করলে ঠিকাদারের লোকজন তাকে হুমকি দেন।
ঠিকাদার ইকবাল হোসেন দাউদ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। আদিতমারী উপজেলা প্রকৌশলী সোহেল রানা সরেজমিন ঘুরে এবং খোয়ার মান নির্ণয়ের জন্য ল্যাব টেস্ট করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।