বার্সেলোনায় স্বস্তি রোজারিওতে মন খারাপ

লিওনেল মেসির বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে কাতালান অঞ্চলে। মেসি ও বার্সা সমর্থকরা তাদের প্রিয় তারকাকে অন্তত আরও এক মৌসুম কাছে পাচ্ছে। কিন্তু সুদূর আর্জেন্টিনার শহর রোজারিওতে চিত্রটা ভিন্ন। শহরের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের সমর্থকদের মনটা একটু খারাপ। সাহস করে মেসিকে নিজেদের ক্লাবে কল্পনা করেছিলেন তারা। কিন্তু বাস্তবে তা না হওয়ায় মন খারাপ তাদের। অবশ্য মেসি যে বলেছেন ক্যারিয়ার শেষ করবেন এই ক্লাবে, সেই আশায় বুক বেঁধে আছেন নিওয়েলসের সমর্থরা।

মেসির মন গলাতে বার্সা সমর্থকদের চেষ্টার কমতি ছিল না। জোসেফ মারিয়া বার্তোমেউ বিরোধী স্লোগান নিয়ে প্রতিদিন তারা হাজির হয়েছেন বার্সা কার্যালয়ের সামনে। সঙ্গে ‘মেসি তুমি যেয়ো না’ ‘মেসি থেকে যাও’ এমন ব্যানার তো ছিলই। মেসির সিদ্ধান্ত বদলে তাদের মনে খুশির জোয়ার। ওরিওল ভিভেস নামের একজন সমর্থক বলেন, ‘সে (মেসি) যদি আরেক বছর থাকে, আমরা যদি তার সেরাটা বের করতে পারি, তাকে সেরা সময়ের মতো মাঠে খেলতে দেখতে পারি তবে অবশ্যই ইতিবাচক কিছু হবে।’ হোর্হে সোস নামের আরেকজন বলেছেন, ‘মেসি পৃথিবীর সেরা খেলোয়াড়। অবশ্যই তার থেকে যাওয়া আমাদের জন্য ভালো খবর। আমরা আবার আশা করছি।’ তবে বিপরীত চিন্তার লোকও আছেন। সার্জি রোদা নামের এই সমর্থক সেরা মেসিকে পাওয়ার ব্যাপারে সন্দিহান, ‘এটা ভালো যে মেসি থাকছে। কিন্তু যে পরিস্থিতি সে তৈরি করেছে সত্যি বলতে এটা বার্সার জন্য ভালো না। সে তো দলের হয়ে খেলবে না এমন একটা ভাবমূর্তি তৈরি করে ফেলেছে।’ জর্দি মার্তি নামক আরেকজন দোষ দিচ্ছেন ম্যানেজমেন্টকে, ‘পুরো ব্যাপারটাই অপ্রত্যাশিত। এর সব দায় ম্যানেজমেন্টের। তাদের জন্য বার্সার আজ এই অবস্থা।’

এদিকে রোজারিওর মেসি সমর্থকরা মেসিকে এখনই না পেলেও তার সেরা ফর্ম দেখতে চান। মেসি বার্সা ছাড়ার ইচ্ছা পোষণ করার পর তারা নিওয়েলস ক্লাবের সামনে জড়ো হয়েছিলেন। তাদের দাবি ছিল অন্য কোনো ক্লাবে না গিয়ে দেশে ফিরুক মেসি। আর্জেন্টিনা প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজও মেসির প্রতি দেশে ফেরার আহ্বান জানান। নিওয়েলস সমর্থকদের আশা একদিন অবশ্যই ছোটবেলার ক্লাবে ফিরবেন মেসি। ছয়বারের বর্ষসেরা তারকাকে শিশু বয়সে চিকিৎসা দেওয়া চিকিৎসক দিয়েগো শোয়ার্স্টেইন বলেন, ‘সুস্থ মানসিকতার কেউই বলবে না যে নিওয়েলসে মেসি এখনই আসবে। আমি রোজারিওতে থাকি, পাঁড় নিওয়েলস ভক্ত, আমি আশা করি মেসি অবশ্যই এই ক্লাবে একদিন আসবে। সে এখনই আসেনি বলে আমি হতাশ নই। আমি আশাবাদী তাকে এখানে খেলতে দেখব।’