সিসি ক্যামেরায় দেখা যায়, ভোর ৫টা বেজে ২২ মিনিটে আনুমানিক ২২-২৩ বছরের এক যুবক খালি গায়ে গামছা পরে একটি বস্তা হাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় ঢুকছে।
পুলিশের ভাষ্যমতে প্রায় ৬টা ৪০ মিনিট পর্যন্ত সিসি ক্যামেরায় সময় কাউন্ট করা হয়। সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে ইউএনও ফোন করে শ্রীমঙ্গল থানাকে জানান তার বাসায় চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ ইউএনওর বাসায় গিয়ে জানতে পারে, চোর বাসায় ঢুকে তার ল্যাপটপ, আইফোন, মোবাইল, নগদ টাকা এবং কিছু বডি স্প্রে নিয়ে গেছে।
রবিবার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক দেশ রূপান্তরকে জানান, গত ৩১ আগস্ট সোমবার ভোরে ইউএনওর বাসায় চুরির ঘটনায় পরপরই তদন্তে নামে পুলিশ। শনিবার রাত ৯ টার দিকে চোর রাজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্তের চেষ্টা করা হয়। চোর শনাক্তের পর গত বৃহস্পতিবার থেকে টানা তিন দিন আসামি ধরতে অভিযান চালানো হয়। প্রথম দিন ধাওয়া করা হলে আসামি পালিয়ে যেতে সক্ষম হয়। পরের দিন পুলিশ জানতে পারে আসামি শাহীবাগ এলাকায় ঢুকেছে, কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি সেদিনও পালিয়ে যেতে সক্ষম হয়। তৃতীয় দিন আবার অভিযানে নামে শ্রীমঙ্গল থানা-পুলিশ। গোপন তথ্য ও মোবাইল ট্রেকিং এর মাধ্যমে শাহীবাগ ঈদগাহর পাশ থেকে অবশেষে গ্রেপ্তার করা হয় আসামি রাজনকে।
আব্দুছ ছালেক আরও জানান, ঘটনার পরপরই ইউএনওর বাসার বাউন্ডারির ভেতরের ময়লা-আবর্জনার স্তূপ থেকে চুরি হওয়া ৩টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তার রাজনের দেয়া তথ্যের ভিত্তিতে শাহীবাগ এলাকার আনোয়ার মিয়ার বাসার পশ্চিমে কচুরিপানার ঝোপ থেকে চুরি হওয়া বাকি মালামাল উদ্ধার করা হয়।