খাগড়াছড়িতে ঝরনায় প্রাণ গেল স্কুল ছাত্রের

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে রিছাং ঝরনার পানিতে ডুবে মলাই জ্যোতি চাকমা (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। মলাই জ্যোতি চাকমা খাগড়াছড়ি পুলিশ লাইনস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। 
 
নিহত স্কুলছাত্র খাগড়াছড়ির স্লুইস গেট আনন্দ নগর এলাকায় মা ও একমাত্র বোনের সাথে ভাড়াবাড়িতে থাকত। বাবা জগতবন্ধু চাকমা ফেনীর সোনাগাজী থানায় কর্মরত।
 
এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে মাটিরাঙ্গা থানার ওসি মো. শামসুদ্দিন ভূঁইয়া জানান, একই স্কুলে পড়ুয়া দুই বন্ধুকে সাথে নিয়ে রিছাং ঝরনায় ঘুরতে আসে মলাই জ্যোতি চাকমা। এ সময় ঝরণার ওপর থেকে লাফ দিলে গভীরে পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে বেলা ২টার দিকে মাটিরাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। 
 
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা সর্কেল অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম। এদিকে একমাত্র ছেলের মৃত্যুতে পরিবারে শোক নেমেছে।