পোশাক সংরক্ষণে ভুল

পছন্দের পোশাক ভুলভাবে রাখার কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়। জেনে নিন পোশাক রাখায় কী কী ভুল হতে পারে

হ্যাঙ্গার : একেক হ্যাঙ্গারের আকার, আকৃতি বা নির্মাণের উপাদানে ভিন্নতা থাকে। সব পোশাকের জন্য একই আকার, আকৃতির হ্যাঙ্গার উপযুক্ত নয়। তাই হ্যাঙ্গার বাছতে হবে পোশাক অনুযায়ী। স্টিলের হ্যাঙ্গার পিচ্ছিল হওয়ায় কাপড়ের আকৃতি নষ্ট করতে পারে বলে কাঠের হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন। খুব ছোট হ্যাঙ্গারে পোশাকে ভাঁজ পড়ে আবার হ্যাঙ্গারের আকৃতি বড় হলে কলারযুক্ত পোশাকগুলো নষ্ট হয়।

সোয়েটার : সোয়েটার বা উলের পোশাক দীর্ঘদিন অব্যবহৃত থাকে বলে এগুলো ঝুলিয়ে রাখলে কাপড়ের ক্ষতি হতে পারে। কাপড়গুলো ওয়ারড্রবের ড্রয়ারে ভাঁজ করে রাখতে পারেন।

প্যান্ট : প্যান্ট অর্ধেক ভাঁজ করে হ্যাঙ্গারে রাখলে প্যান্টে ভাঁজ পড়ে যায়, খাঁজ তৈরি হয় আর ছোট-বড় দাগ পড়ে। এসব ঝুঁকি থেকে রক্ষা করতে হ্যাঙ্গারে সোজাসুজি প্যান্টগুলো ঝুলিয়ে দিতে পারেন।

এলোমেলো পোশাক : ওয়ারড্রবে কাপড় এলোমেলোভাবে ছড়ানো থাকলে পোশাক কুঁচকে এর সৌন্দর্য নষ্ট হবে। বেশি দিন পরিধান করা যাবে না আর।

প্লাস্টিক : ড্রাই ক্লিন করা পোশাক সচরাচর ব্যবহার করা হয় না। স্যুট বা ব্লেজার-জাতীয় পোশাক ড্রাই ক্লিন করে প্লাস্টিকে ঢেকে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে পোশাকের ভেতর বাতাস চলাচল বন্ধ থাকে। প্লাস্টিকে থাকা কেমিক্যাল ছড়িয়ে পড়ে কাপড় দুর্বল ও রং নষ্ট করে দিতে পারে। এ ছাড়া দীর্ঘদিন রাখলে প্লাস্টিকের ভেতরে আর্দ্রতা জীবাণুর সৃষ্টি করতে পারে।