চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত

বিএসএফের গুলি বাংলাদেশি নিহত!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোহাম্মদ বাদশা (২২) নামে এক বাংলাদেশি নিহতের অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তেলকুপি সীমান্তের ভারতীয় ভূখন্ডেকাঁটাতারের কাছে এ ঘটনা ঘটে। বাদশা শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মোহাম্মদ রফিকের ছেলে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, রফিক শনিবার রাতে তেলকুপি সীমান্ত দিয়ে ভারতে যান। এ সময় বিএসএফের গোপালনগর ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাদশা কী কারণে ভারতে গিয়েছিল, তা জানা যায়নি। বর্তমানে তার লাশ ভারতীয় ভূখন্ডে বিএসএফের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, তেলকুপি সীমান্তে শনিবার রাতে তারা দুই রাউন্ড গুলির শব্দ পেয়েছেন। এতে বাংলাদেশ ভূখন্ডে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভারতীয় ভূখন্ডে থাকা লাশ সম্পর্কে বিস্তারিত জানতে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।