আনসু ফাতি স্পেনের ইতিহাসের প্রায় শতবর্ষী এক রেকর্ড ভাঙলেন। ডিফেন্ডার রামোস করলেন জোড়া গোল। শেষ দিকে আরেক গোল করে নেশন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউক্রেনকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিলেন ফেরান তোরেস।
মাদ্রিদের আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে রবিবার এমন একটি ম্যাচে ১৭ বছর ৩১১ দিন বয়সে স্পেনের হয়ে গোল করেন বার্সেলোনার ফরোয়ার্ড ফাতি। রেকর্ডটি এতদিন হুয়ান এরাজকুইনের দখলে ছিল। ১৯২৫ সালে ১৮ বছর ৩৪৪ দিন বয়সে স্পেনের হয়ে গোল করেন তিনি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসেও ফাতি সর্বকনিষ্ঠ গোলদাতা।
স্পেন এগিয়ে যায় মাত্র তিন মিনিটের মাথায়। ফাতির জয় করা পেনাল্টি থেকে গোল করেন রামোস। পরে ২৯ মিনিটে হেডে আরেকটি গোল করেন তিনি। এই নিয়ে শেষ ১৫ ম্যাচে ১০টি গোল করলেন বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার।
লা লিগায় বার্সার হয়ে সবচেয়ে কম বয়সে গোল করা ফাতি এদিন জাল খুঁজে পান ৩২তম মিনিটে। রেগিলনের ছোট পাস ধরে এক টোকায় একটু এগিয়ে জায়গা বানিয়ে ডান পায়ের বাঁকানো শটে ব্যবধান বাড়ান।
৮৪তম মিনিটে ডি-বক্স থেকে স্কোরলাইন ৪-০ করেন ম্যানচেস্টার সিটির তোরেস।
গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করেছে জার্মানি।
একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্পেন। প্রথম হারের স্বাদ পাওয়া ইউক্রেন ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় জার্মানি। সুইজারল্যান্ডের পয়েন্ট ১।