হবিগঞ্জে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে একটি পাজেরো ও ট্রাকের সংঘর্ষে  যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ ৪জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১জন নারী রয়েছেন । 

সোমবার বিকেল সাড়ে ৩ টায় মাধবপুরের নয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগীতায় দূর্ঘটনায় আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে পাজেরো জীপ (ঢাকা মেট্রো ঘ-১১-২০১৫)-এর সাথে সিলেট থেকে ব্রাহ্মণবাড়ীয়াগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-১৬৩৫)-এর সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাজেরোর চালকসহ ২ জন নিহত হন।

এছাড়া পজেরোর যাত্রী মিম ওরফে নৌরিন আক্তার (২৪) ও আঁখি আক্তার (২০) ও অপর পুরুষ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঁখি আক্তার ও অজ্ঞাত পুরুষ যাত্রীকে মৃত্যু ঘোষণা করেন।

 শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল আলম জানান, নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা  হচ্ছেন যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম (কাজল), একই এলাকার আরিফুল ইসলাম এবং ঢাকা তালতলা এলাকার বাবুল মিয়ার কন্যা আঁখি আক্তার। বাকী ১ জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। নিহতদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে।