করোনা পরীক্ষার জন্য সোমবার ক্রিকেটারদের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় ক্রিকেটারদের বাসা থেকেই নমুনা সংগ্রহ করা হয়। এখন ফলাফলের জন্য অপেক্ষা।
ফল নেগেটিভ আসা ক্রিকেটাররা বুধবার থেকে ফের মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন।
ঈদের আগে থেকেই বিভিন্ন ভেন্যুতে চলছিল ব্যক্তিগত অনুশীলন। কিন্তু শুক্রবার হঠাৎই স্থগিত করা হয় মিরপুরের অনুশীলন কার্যক্রম।
একজন ট্রেনারের করোনা আক্রান্ত হওয়া ও সাপোর্ট স্টাফদের অনেকের মধ্যে উপসর্গ দেখা দেওয়ায় মিরপুরের অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিসিবি।
এরপর ফের অনুশীলন শুরুর আগে সতর্কতা থেকে ক্রিকেটারদের করোনা পরীক্ষার উদ্যোগ নেয় বিসিবি।
বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, বাসায় বাসায় গিয়ে সোমবার মোট ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ১৭ ক্রিকেটার, বাকিরা সাপোর্ট স্টাফ।
মিরপুরে অনুশীলন বন্ধ থাকলেও ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, খুলনা, বগুড়া, রাজশাহী ও রংপুরে ক্রিকেটারদের অনুশীলন চলছে।
এদিকে করোনার জন্য নমুনা দেওয়ার ছবি ক্রিকেটারদের অনেকেই নিজেদের ফেইসবুকে পোস্ট করেছেন। মুশফিকুর রহিম তার নমুনা সংগ্রহের ছবি পোস্ট করে লিখেছেন, ‘নতুন অভিজ্ঞতা, আমাদের জন্য দোয়া করবেন।’
সৌম্য সরকার লিখেছেন, ‘টেস্ট সম্পন্ন, আশা করছি ফলাফল নেগেটিভ আসবে।’