সমন্বয় করে রোড কাটতে হবে: ওয়াসার এমডিকে চসিকের নবনিযুক্ত প্রশাসক

সময়ের কাজ সময়ে শেষ করতে হবে- বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনিযুক্ত প্রশাসক মো. খোরশেদ আলম সুজন।

তিনি বলেন, নগরের যেসব সড়কে চসিকের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে, সেখানে রাস্তা কর্তনের বিষয়ে আগেভাগে দুই কর্তৃপক্ষের কর্মকর্তা ও প্রকৌশলীদের সমন্বিত কর্মপন্থা প্রণয়ন করতে হবে। সমন্বয় করে রোড কাটতে হবে।

সোমবার দামপাড়াস্থ ওয়াসা ভবনে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম ফজলুল্লাহর সাথে আলোচনাকালে এসব কথা বলেন তিনি।

খোরশেদ আলম সুজন বলেন, যেসব সড়কে ওয়াসার উন্নয়নকাজ চলমান, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের রোড কাটিং কাজ করে সড়কগুলোকে যান চলাচলের উপযোগী করে দিতে হবে। নগরীতে ওয়াসার প্রকল্প বাস্তবায়নে রোড কাটিংয়ের ক্ষেত্রে সমন্বয় সাধন না হওয়ায় নাগরিক দূর্ভোগ বাড়ছে এবং প্রকল্প বাস্তবায়নে বিলম্বিত হচ্ছে। তাই প্রকল্প বাস্তবায়নে সিটি করপোরেশনের সাথে ওয়াসা কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে। 

এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) তাহেরা ফেরদৌস, সচিব শারমিন আলম, প্রশাসকের একান্ত সচিব মো. আবুল হাশেম, ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপ-সচিব নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।