স্পেনের কাতালোনিয়া অঞ্চলে আন্তঃধর্মীয় সৌহার্দ্য ও আঞ্চলিক সংহতির প্রতি উৎসাহ সৃষ্টি করতে সরকারি বিদ্যালয়গুলো ইসলাম ধর্মের পাঠদান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে কাতালোনিয়ার শিক্ষা বিভাগ গত ২ সেপ্টেম্বর ‘জেনারেলিটাত ডি কাতালোনিয়া’ অফিশিয়াল জার্নালে (ডিওজিসি) একটি রেজুলেশন আকারে তাদের পরিকল্পনা প্রকাশ করে।
এ ছাড়াও স্প্যানিশ এল পাইস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাতে জানা গেছে, ২০২০/২০২১ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইসলাম ধর্মশিক্ষা পাঠদান শুরু করা হবে। নতুন এই পরিকল্পনাটি আঞ্চলিক ঐক্য ও ধর্মীয় বৈচিত্র্য প্রচার করবে। পাশাপাশি এটি স্পেনের মুসলমানদের ইতিহাস পুনর্বিবেচনার সুযোগ সৃষ্টি করবে।
পরীক্ষামূলকভাবে পরিকল্পনাটি বার্সেলোনা, বেক্স ললব্রেগ্যাট, গিরোনা ও তারাগোনায় বাস্তবায়ন করা হবে। ক্রমবর্ধমান মুসলিম নাগরিকদের ক্রমাগত দাবি বিবেচনায় এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মুসলিম শিক্ষার্থীরা সরকারি বিদ্যালয়গুলোর শিশুশিক্ষা, প্রাথমিক, বাধ্যতামূলক মাধ্যমিক এবং উচ্চ বিদ্যালয়ের স্তরে ইসলাম ধর্মশিক্ষা লাভ করবে। আর ইসলামিক কমিশন অফ স্পেন কর্তৃক নিযুক্ত শিক্ষকরা শিক্ষার্থীদের এই পাঠ্যক্রমটি শিখিয়ে দেবে।
কাতালোনিয়ার পরিচয় : স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের বিত্তশালী অঞ্চল কাতালোনিয়া। রাজধানী বার্সেলোনা। কাতালোনিয়ার নিজস্ব ভাষা, সংস্কৃতি, পার্লামেন্ট, জাতীয় পতাকা ও সংগীত রয়েছে। এমনকি নিজস্ব পুলিশ বাহিনীও আছে। স্কুল ও স্বাস্থ্যসেবার মতো জন পরিষেবাগুলোও এই অঞ্চল নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ করে।
কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনা বিশ্বের অত্যন্ত প্রসিদ্ধ শহরগুলোর একটি। স্পেনের মোট জিডিপির এক পঞ্চমাংশ আসে এখান থেকে।
স্পেনের দুই মিলিয়ন মুসলমানের মধ্যে দেড় মিলিয়নেরও বেশি মুসলমান কাতালোনিয়াতেই বসবাস করে। এর পরে রয়েছে আন্দালুসিয়া, সেখানে মুসলিমদের সংখ্যা ৩ লাখেরও বেশি। এ ছাড়াও মাদ্রিদে দুই লাখ ৮০ হাজার মুসলিম বসবাস করে।
ইউনিয়ন অব ইসলামিক কম্যুনিটিস (ইউসিআইডিই)-এর তথ্য অনুযায়ী, মুসলমানরা স্পেনীয় জনসংখ্যার ৩.৮ শতাংশ মুসলিম। এর মধ্যে ৪০ শতাংশ স্প্যানিশ ও বাকি ৬০% শতাংশ অভিবাসী।
স্পেনের অধিকাংশ মুসলমান মরক্কো থেকে এসেছে। বার্সেলোনা, ভ্যালেন্সিয়া ও লোগ্রোনোর মতো শহরে পাকিস্তানি এবং সেনেগালি মুসলমানদের উল্লেখযোগ্য বসবাস রয়েছে।