ভয় দেখিয়ে দুদক কর্মকর্তাদের হয়রানি ঠিকাদারের

সিভিল এভিয়েশনসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের তানভীর ট্রেডার্সের স্বত্বাধিকারী নাজমুল হাসান খুররম নামে এক ঠিকাদার স্ত্রীর নাম ভাঙিয়ে দুদক কর্মকর্তাদের ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খুররমের স্ত্রী একসময় দুদকের প্রধান কার্যালয়ে স্ট্যানোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। এ ধরনের বেশ কিছু অভিযোগ পেয়ে দুদক বিষয়টি তদন্ত করেছে।

সিভিল এভিয়েশনের একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, ‘জনৈক তানভীর ট্রেডার্সের স্বত্বাধিকারী নাজমুল হাসান খুররম। তার স্ত্রী একসময় দুদকের প্রধান কার্যালয়ে স্ট্যানোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রীর নাম ভাঙিয়ে বিভিন্ন কর্মকর্তাকে ভয় দেখান। অনেকের নামে-বেনামে অভিযোগ দিয়ে হয়রানি করেন। তিনি নানা কৌশলে ঢাকা, যশোর, রাজশাহী, সৈয়দপুরসহ বিভিন্ন বিমানবন্দর ও সিভিল এভিয়েশনের সংস্কার ও মেরামতের কাজ বাগিয়ে নেন। একই অভিযোগ করেছেন গণপূর্ত অধিদপ্তরের একাধিক কর্মকর্তা।

নাজমুল হাসান খুররমের দুদকের নাম ভাঙিয়ে হয়রানির বিষয়ে জানতে চাইলে দুদকের নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিচালক গতকাল রবিবার দেশ রূপান্তরকে বলেন, খুররমের স্ত্রী প্রায় তিন বছর আগে দুদকে স্ট্যানোগ্রাফার হিসেবে কাজ করতেন। অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় এখন তিনি কর্মস্থলে নেই। খুররমের বিরুদ্ধে বিভিন্ন জনকে ভয় দেখানোর অভিযোগ পেয়ে কমিশন অনুসন্ধান করে। তিনি যেসব ঠিকাদারি কাজ নিয়েছেন, সেগুলো যাচাই-বাছাই করা হবে। তবে অবৈধ প্রভাব খাটিয়ে কাজ নেওয়ার প্রমাণ পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে নামজুল হাসান খুররম বলেন, আমি সিভিল এভিয়েশনসহ বিভিন্ন দপ্তরে ঠিকাদারি করি। কাউকে ভয় দেখানো বা হয়রানির অভিযোগ মিথ্যা। আমার প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে নানা কথা ছড়াচ্ছে। দুদকও বিষয়টি তদন্ত করে সত্যতা না পাওয়ায় অভিযোগ নথিভুক্ত করেছে। তা ছাড়া আমার স্ত্রী এখন আর দুদকে কর্মরত নেই।