গাজীপুরে ব্যাটারি কারখানায় ডাকাতি চীনা নাগরিক আহত

গাজীপুরের কাশিমপুরে একটি ব্যাটারি তৈরির কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। গত রবিবার মধ্যরাতে নগরীর সারাবো জাফরনগর এলাকার জং টিয়ান লিমিটেড নামে ওই কারখানায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের মারধরে কারখানার মালিক চীনা নাগরিক ওয়াং হি (৫৫) আহত হয়েছেন। সংশ্লিষ্টদের দাবি, কারখানা থেকে প্রায় দেড় কোটি টাকা লুট করেছে ডাকাতরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, রবিবার রাত পৌনে ২টার দিকে ৭-৮ জনের একদল ডাকাত ওই কারখানায় হানা দেয়। পরে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে মালিক ওয়াং হিকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা। এ সময় তারা ওয়াং হিকে মারধর ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে।

জিএমপির কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে কারখানার নিরাপত্তা প্রহরীসহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকার আংশিক উদ্ধারও করা হয়েছে। তবে লুট হওয়া দেড় কোটি টাকার কোনো প্রমাণ দিতে পারেনি কারখানা কর্র্তৃপক্ষ। ঘটনাটি তদন্তাধীন।