নাগরিক সেবা গতিশীল করতে মাদারীপুর জেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের জনপ্রতিনিধি, শিক্ষকদের মাঝে করপোরেট সিমকার্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এই সিমকার্ড বিতরণ করেন।
এ সময় জেলায় কর্মরত সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দেওয়া হয় কর্পোরেট সিম। এতে নাগরিক সেবা গতিশীল হবে বলে আশা করেন কর্মকর্তারা।
এখন থেকে কোন কর্মকর্তা অন্যত্র বদলি কিংবা ছুটিতে থাকলেও সংশ্লিষ্ট মোবাইল নম্বরটি চালু থাকবে। ফলে সেবা প্রত্যাশীরা তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন বাচ্চু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।