নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ২৮ জনের প্রাণহানিসহ বহু হতাহতের ঘটনায় শোক জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে মর্মান্তিক ওই ঘটনায় শোক ও সমবেদনা জানান। গতকাল মঙ্গলবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই কথা।
চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, শুক্রবার নারায়ণগঞ্জের বায়তুস সালাত মসজিদে অপ্রত্যাশিত দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিসহ অনেক মানুষের মারাত্মক আহত হওয়ার খবরে আমরা খুব মর্মাহত। অপূরণীয় ক্ষতি এটি। আমি ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকার, জনগণ বিশেষত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সহানুভূতি এবং গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।