লাদাখে চীনা বাহিনীকে ঠেকাতে কাঁটাতার ভারতের

বিতর্কিত লাদাখ সীমান্তে চীনা বাহিনীর ‘অনুপ্রবেশ’ ঠেকাতে চুশূল সেক্টরের কয়েকটি পয়েন্টে নিজেদের অবস্থান দৃঢ় করছে ভারতীয় বাহিনী। চুশূলে নিজেদের নিয়ন্ত্রণে থাকা পাহাড় চূড়ায় অবস্থান ধরে রাখতে চার পাশে কাঁটাতার দিয়েছে তারা।

ভারতের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই সময়, প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) সাধারণ অঞ্চলে চীনা সেনাদের উপস্থিতি ভারতের নজর এড়ায়নি।

সোমবার রাতে রড, ধারালো অস্ত্র হাতে সেখানে তাদের তত্‍‌পরতার ছবি ধরাও পড়েছে। মঙ্গলবার সে ছবি প্রকাশ্যেও এনেছে ভারতীয় সেনাবাহিনী।

পূর্ব লাদাখে গুলি ছোড়ার ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে মঙ্গলবার সকাল থেকেই নতুন করে উত্তেজনা তৈরি হয়।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, এলএসি অতিক্রম করে ভারতীয় সেনা চীনা ভূখণ্ডে ঢুকে গুলি চালিয়েছে। ভারতের এই ‘উস্কানি’ বন্ধ না হলে কড়া জবাবের হুঁশিয়ারিও দেয় চীন।

যদিও ভারত সেই দাবি উড়িয়ে পাল্টা চীনা বাহিনীকে দোষারোপ করেছে। নয়াদিল্লি বিবৃতি দিয়ে দাবি করেছে, ভারতীয় সেনা কোনো গুলি চালায়নি। শূন্যে গুলি ছুড়েছিল চীনই।

সীমান্ত উত্তেজনার মধ্যেই মস্কোয় গত শুক্রবার চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহের সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকের বাইরে দুই প্রতিরক্ষামন্ত্রীর আলাদা করে কথা হয়। উদ্দেশ্য ছিল পূর্ব লাদাখে উত্তেজনা নিরসন।

কিন্তু, বেইজিংয়ে ফিরেই চীনের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করেন, এক ইঞ্চি জমিও চীন কাউকে ছাড়বে না। এর পরেই সোমবার রাতে লাদাখের প্যাংগং লেক এলাকায় গুলির ঘটনা ঘটে।