অবৈধ গ্যাস সংযোগ দাতাদের আইনের আওতায় আনা হবে: ডা. এনাম

সাভার ও আশুলিয়ায় যারাই অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বুধবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডা. এনামুর রহমান সরণি ও একটি রাস্তা উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

সাভার ও আশুলিয়ায় এক ইঞ্চি অবৈধ গ্যাস সংযোগও থাকবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকরণে অভিযান চলমান রয়েছে। যারা রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এরই মাঝে অবৈধ গ্যাস সংযোগ দাতাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের এবং আসামিও গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে হতাহতদের আর্থিক সহায়তার পাশাপাশি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সকল মানুষকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

পরে প্রতিমন্ত্রী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করে হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন ও হাসপাতালের চিকিৎসা সেবা দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় সাভার পৌরসভার মেয়র আবদুল গণি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদাসহ অনেকেই উপস্থিত ছিলেন।