ফেইসবুকে আপত্তিকর ছবি: ‘অপমানে’ তরুণীর আত্মহত্যা

ফেইসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি দেওয়ায় অপমানে সাতক্ষীরার তালায় বিউটি মণ্ডল নামে এক তরুণী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে সে। উপজেলার কলাগাছি গ্রামের নিতাই মণ্ডলের মেয়ে বিউটি এবার এসএসসি পাস করে।

তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি দেওয়ায় অপমানে বিউটি আত্মহত্যা করেছে। সম্প্রতি তার বাবা থানায় একটি অভিযোগ দেন।

তিনি জানান, ‘নীল নদী বিউটি’ নামে একটি ফেইক আইডি থেকে আপত্তিকর ছবি ছড়িয়ে তার মেয়ে বিউটির জীবনকে অতিষ্ঠ করে তুলছিল মৃত্যুঞ্জয় রায় নামে এক যুবক। মৃত্যুঞ্জয় স্থানীয় শহীদ জিয়া কলেজে পড়ে। তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, মৃত্যুঞ্জয় নামের ছেলেটির কললিস্ট চেক এবং এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিউটির বাবা বলেন, দুদিন আগেও থানায় গিয়েছিলাম। বখাটে মৃত্যুঞ্জয় মেয়ের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছিল। আগে থেকে যদি এই বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে মেয়েটির প্রাণ দিতে হতো না।