আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান হারালেন বাবর আজম। নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাবরকে সরিয়ে শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের ডেভিড মালান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজের পর আপডেট করা হয়েছে র্যাঙ্কিং। যেখানে চার ধাপ এগিয়েছেন মালান। ইংলিশ ব্যাটারের আগের সেরা অবস্থান ছিল গত বছর নভেম্বরে, দ্বিতীয়। এখন দ্বিতীয় স্থানে থাকা বাবরের (৮৬৯) চেয়ে ৮ রেটিং পয়েন্ট বেশি মালানের (৮৭৭)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে মোট ১২৯ রান করেন মালান। যার মধ্যে ছিল ম্যাচ উইনিং ৬৬ রানও।
ব্যাটসম্যানদের তালিকায় দুই ধাপ পিছিয়ে ভারতের লোকেশ রাহুল নেমে গেছেন চার নম্বরে। তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বিরাট কোহলির অবস্থান নবম।
র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টে ও জস বাটলার। তিন ধাপ এগিয়ে বেয়ারস্টোর অবস্থান ১৯তম। দুই ম্যাচে ১২১ রান করা বাটলার ৪০তম স্থান থেকে উঠে এসেছেন ২৮তম স্থানে।
বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা অবস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান। তার স্বদেশি মুজিব উর রহমান রয়েছেন দ্বিতীয় স্থানে। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে মোহাম্মদ নবী। দলগত র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া।